রাস্তায় গুঁড়ি ফেলে অবরোধ চলছে খাগড়াছড়িতে, যান চলাচল বন্ধ

চোরাগুপ্তা পিকেটিং, টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ চলছে খাগড়াছড়ি জেলায়। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ এনে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।
শনিবার সকাল থেকে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং হলেও প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে সড়ক। সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের উপস্থিতির কারণে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা।
খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সব রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম। অবরোধের সমর্থনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও উপজেলার রেড স্কয়ারে টায়ারে আগুন দেয় পিকেটাররা।
এ সময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবস্থান ত্যাগ করে পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে পথরোধ করে অবরোধকারীরা।
তবে সকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম কাজ করছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু বলেন, “অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশের একাধিক মোবাইল টিম মাঠে টহল দিচ্ছে।”










