ভোটের স্বচ্ছতায় আপস নয়, কর্মকর্তাদের কড়া বার্তা জেলা প্রশাসকের

নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার নতুন অডিটোরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, “অতীতের নির্বাচনগুলোতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করার এবং নিরপেক্ষতা প্রমাণের সুযোগ এসেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।” তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, কোনো ধরনের আশঙ্কা বা হুমকির মুখে পড়লে প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে।
ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ বা মতামত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনোভাবেই প্রকাশ করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। সীমাবদ্ধতার কাছে যেন দেশপ্রেম পরাজিত না হয়।” দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল এবং জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।








