বেকারত্ব দূরীকরণে ও আধুনিক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে — গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের রাউজানে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন উপজেলা সমবায় অফিসার মিন্টু বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম কবির, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম, উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং গহিরা শান্তির দ্বীপ সমবায় সমিতির চেয়ারম্যান আবদুর রহিম।
অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জ্বল কান্তি দে, রঞ্জন বড়ুয়া, কাজী মোহাম্মদ ইব্রাহিম, লায়ন ছোটন বড়ুয়া ও আশুতোষ বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল, জেলা যুবদল নেতা রাসেল খান, বিএনপি নেতা শহীদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায়ী নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম। এর আগে সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে দুজন শ্রেষ্ঠ সমবায়ী ও পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে স্মারক প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূর করে একটি আধুনিক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।
সাংসদ আরও বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। একা যে কাজ করা কঠিন, তা সমবায় সমিতি গঠনের মধ্য দিয়ে করলে কাজটি সহজ হয়ে যায়।










