নাগরিক সেবা সহজতর করতে ৮নং ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কেরানীহাটে অস্থায়ী কার্যালয় উদ্বোধন

নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের কেরানীহাটে একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেছেন গতকাল ২২ নভেম্বর। এর মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষ এখন হাতের নাগালেই প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, “নাগরিক সেবা দেওয়া আমার প্রধান লক্ষ্য। ঢেমশার সাধারণ মানুষ যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অনেক সময় দূরত্ব বা যাতায়াত জটিলতার কারণে সাধারণ মানুষের সেবা পেতে ভোগান্তি হয়। সেই বিষয়টি মাথায় রেখেই জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কেরানীহাটে এই অস্থায়ী কার্যালয় চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা যেন মানুষ সহজেই পান, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আবছার বলেন, “কেরানীহাটে অস্থায়ী কার্যালয় চালু হওয়ায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক ও প্রশাসনিক সেবা নিতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে কর্মব্যস্ত ও বয়স্ক মানুষের জন্য এটি বড় স্বস্তির খবর।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










