ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে: নুরুল আমিন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের মীরসরাইয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেন, "দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায়ে লিপ্ত হতে পারবে না। কেউ আইন পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম নুশুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল ইসলাম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটনসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।








