আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে আহত ৩, দুজন চট্টগ্রামে

বান্দরবানের আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে তিন জুমচাষি আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং অপর একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন চুংরুই পাড়ার মেনরাই ম্রোর ছেলে নিয়াচং ম্রো (৫৮), চংরুং ম্রোর ছেলে লুরিং ম্রো (২৮) এবং বাইহই ম্রোর ছেলে মেনরু ম্রো। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য শুকরের আক্রমণে নিয়াচং ম্রোর বুকে গুরুতর জখম হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই তিনজন নিজেদের জুমে কাজ করছিলেন। এ সময় পাশের জঙ্গল থেকে হঠাৎ একটি বন্য শুকর এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ব্যক্তিকে উপজেলা সদরে না এনে পাশের ভোলাইপাড়া ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের ভাতিজা জংরাই ম্রো জানান, বন্য শুকরের আক্রমণের খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত দুজনকে ইতিমধ্যে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, বন্য শুকরের আক্রমণে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি চাকনাও ম্রো বলেন, জুমচাষ করতে গিয়ে হঠাৎ বন্য শুকরের হামলার শিকার হয়ে তিনজন আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তবে আহতদের পরিবারকে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় এনজিওকর্মী মাংপা ম্রো। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, পাহাড়ে বন্য প্রাণীর আক্রমণে সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবার এগিয়ে আসা উচিত।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবন-জীবিকা প্রকৃতির ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে জুমে কাজ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তিনজনের আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দুর্গম এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।










