লামায় জব্দ করা বালু লুটের পোস্ট করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিন্দা ও প্রতিবাদ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রশাসনের জব্দ করা বালু রাতের আঁধারে লুট ও পাচারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার সাংবাদিক বেলাল আহমদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ সালে সরই ইউনিয়নের বাজার পাড়া ৪ নম্বর ওয়ার্ডে (ইউনিয়ন পরিষদের পেছনে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আনুমানিক ২ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করে লামা উপজেলা প্রশাসন। জব্দ করা বালু বাজার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবুল মিয়ার জিম্মায় রাখা হয়েছিল। তবে উপজেলা প্রশাসনের নীরবতায় পরবর্তীতে সেই জব্দ করা বালু রাতের অন্ধকারে লুট ও পাচার করা হচ্ছিল।
এ বিষয়ে সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন এবং জব্দ করা বালু পাচারের বিরুদ্ধে পোস্ট করার পর গত ২০ নভেম্বর রাতে একটি মোবাইল নম্বর (01600-750014) থেকে ছাত্রদলের পরিচয়ে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি সাংবাদিক বেলাল আহমদকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
এ ঘটনায় হুমকিদাতা হিসেবে গিয়াস উদ্দিনের (পিতা লিয়াকত আলী, সাং লাকড়ি পাড়া, পুটিবিলা) নাম উঠে এসেছে। পাশাপাশি বালু লুট ও পাচারের ঘটনার সঙ্গে জড়িত হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন তারেক (পিতা মোক্তার হোসেন, বাজার পাড়া), শোয়াইব (হাবিবুর রহমান পাড়া, সরই ৩ নম্বর ওয়ার্ড), রিয়াদ (পিতা ওসমান গনি, নোয়া পাড়া, পুটিবিলা ইউনিয়ন, লোহাগড়া), আবু ছৈয়দ (পিতা ফেরদৌস, হিমছড়ি পাড়া, ৮ নম্বর ওয়ার্ড, সরই), অপূর্ব দাশ (পিতা গোবিন্দ দাশ, বাজার পাড়া, সরই ৪ নম্বর ওয়ার্ড), নাজিম উদ্দিন (পিতা সুলতান আহমদ, আমির হামজা পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, সরই), সেলিম ওরফে ‘গরু সেলিম’ (পিতা শফিক আহমদ, ঝটকিবন পাড়া, সরই ৪ নম্বর ওয়ার্ড), সমীর উদ্দিন ও আবু সুফিয়ান।
অভিযোগ উঠেছে, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) যোগদানের পর সরই এলাকায় অপরাধ বেড়েছে। মাদকের অর্থ ভাগাভাগি থেকে শুরু করে তাঁর যোগসাজশে জব্দ করা বালু পাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সহকর্মী ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতা ও জব্দ করা বালু লুট-পাচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) যোগদানের পর সরই এলাকায় অপরাধ বৃদ্ধির অভিযোগ ও সার্বিক বিষয়ে জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জব্দ করা বালু লুট ও হুমকির বিষয়ে তিনি জেনেছেন; ইনচার্জ এবং হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










