১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অর্থনীতির শ্বেতপত্রের বরাত দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা ও ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সে হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাত হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণীকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ ও আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করা প্রয়োজন।

সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্য আরও শক্তিশালী করেন।




শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩শ’য়ের বেশি কলেজের অধ্যক্ষরা আজকের সম্মিলনে উপস্থিত হয়েছেন। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আলোকবর্তিকার মতো। অধ্যক্ষরা শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তারা প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী, একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।

তিনি বলেন, শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজের সংখ্যা অনেক বেড়েছে, বেড়েছে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষার্থী সংখ্যা। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিও সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করার লক্ষ্যে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের বিভিন্ন প্রযুক্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ নানা নতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে। এসব প্রযুক্তি একদিকে অনেক পুরোনো পেশার বিলুপ্তি ঘটিয়ে মানুষের বেকারত্বের অন্যতম কারণ হয়ে উঠছে, অন্যদিকে চাকরির নতুন নতুন ক্ষেত্রও তৈরি করছে।

তিনি বলেন, পৃথিবীর অর্ধেক সংখ্যক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে না পারলেও বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো, আর সুনির্দিষ্ট লক্ষ্যনির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথনির্দেশক। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই সাফল্যের মধ্যে নিহিত। এ কারণেই শিক্ষার শক্তিকে কর্মদক্ষতায় রূপান্তরের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে, আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র, আর শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা। এভাবেই গড়ে উঠবে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সক্ষম, দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল প্রজন্ম।

একইসঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এতে শিক্ষার্থী থাকা অবস্থায়ই একজন শিক্ষার্থী লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা লাভ করতে পারবেন। শিক্ষাজীবন শেষে চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই উদ্যোক্তা হিসেবে অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার সক্ষমতা অর্জন করাও অসম্ভব নয়।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর বিকল্প নেই। নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। তবে শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই চূড়ান্ত সাফল্য নয়। বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।

শিক্ষাব্যবস্থার পরিকল্পনা ও পদক্ষেপগুলোর সার্বিক সুফল পেতে একাধিক ভাষা শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি এবং সম্ভাবনার আরও দ্বার উন্মুক্ত করতে আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয় কিংবা অন্যান্য আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ সৃষ্টি জরুরি।

একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা সৃষ্টির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারেও সরকার সচেতন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের স্বার্থ সংরক্ষণ জরুরি।




টিআইবি

দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব

দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব
ছবি সংগৃহীত।

দেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার রোধ করা সম্ভব বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

একইসঙ্গে দুর্নীতি মধ্যম মাত্রায় নিয়ন্ত্রণ করা গেলেও দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মানুষ ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রথম শর্ত রাজনৈতিক সদিচ্ছা। রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব যাদের হাতে, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে ভয়ভীতি বা করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে আইনের দৃষ্টিতে সবাইকে সমান বিবেচনা করতে হবে।

তৃতীয় শর্ত হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা। পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এসব প্রতিষ্ঠানের সক্ষমতা থাকতে হবে।

চতুর্থ শর্ত হিসেবে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

টিআইবি পরিচালক বলেন, সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ আন্দোলন জোরদারে কাজ করছে টিআইবি।

অনুষ্ঠানে বিতর্কের মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা শুধু প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

এ বছর চতুর্থবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে টিআইবি। এতে দেশের ৩২টি বিতর্ক দল অংশ নিচ্ছে। 




পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ হবে না। দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উসকানিও দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুর কুচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।