পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ হবে না। দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উসকানিও দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুর কুচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




টিআইবি

দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব

দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব
ছবি সংগৃহীত।

দেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার রোধ করা সম্ভব বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

একইসঙ্গে দুর্নীতি মধ্যম মাত্রায় নিয়ন্ত্রণ করা গেলেও দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মানুষ ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রথম শর্ত রাজনৈতিক সদিচ্ছা। রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব যাদের হাতে, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে ভয়ভীতি বা করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে আইনের দৃষ্টিতে সবাইকে সমান বিবেচনা করতে হবে।

তৃতীয় শর্ত হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা। পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এসব প্রতিষ্ঠানের সক্ষমতা থাকতে হবে।

চতুর্থ শর্ত হিসেবে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

টিআইবি পরিচালক বলেন, সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ আন্দোলন জোরদারে কাজ করছে টিআইবি।

অনুষ্ঠানে বিতর্কের মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা শুধু প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

এ বছর চতুর্থবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে টিআইবি। এতে দেশের ৩২টি বিতর্ক দল অংশ নিচ্ছে। 




চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

পরে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।




পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাই না, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয়ের মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।’