আনোয়ারায় ১১ ইউনিয়নে আ.লীগের মিছিল, উত্তেজনা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

আনোয়ারায় ১১ ইউনিয়নে আ.লীগের মিছিল, উত্তেজনা

আনোয়ারায় ১১ ইউনিয়নে আ.লীগের মিছিল, উত্তেজনা
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা এসব মিছিল করেন। এ সময় মিছিলকারীদের হাতে মশাল ও লগি-বইঠাসহ লাঠিসোঁটা দেখা যায়।

তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের পরপরই বিএনপির নেতাকর্মীদেরও পাল্টা মিছিল করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টায় প্রথম মিছিল হয় উপজেলার রায়পুর ইউনিয়নে। এরপর হাইলধর, বরুমচড়া, বটতলী, বৈরাগ, বারখাইন ও বারশতসহ অন্যান্য ইউনিয়নে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা সটকে পড়েন।

এদিকে মিছিলকে কেন্দ্র করে উপজেলার হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা নাশকতার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিএনপির নেতাকর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’




ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জেলা প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জেলা প্রশাসকের
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সামান্য অবহেলার কারণে যেন মানুষের জীবন বিপর্যয়ের মুখে না পড়ে, সে বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। গত ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর কাজ করে যাচ্ছে। দেশকে সত্যিকার অর্থে বসবাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বোয়ালখালী পৌরসভার জমাদারহাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।

এ সময় সাংবাদিক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কেরানিহাটে কেনা জায়গার দখল ও কোটি টাকা ফেরত পেতে আব্দুস সালাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেরানিহাটে কেনা জায়গার দখল ও কোটি টাকা ফেরত পেতে আব্দুস সালাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত।

সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন একটি জমি নিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ, দখলচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কেরানীহাট আল আকসা রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিয়াকত আলী ও তাঁর স্বজনদের পক্ষে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, বৈধ দখল নিশ্চিতকরণ এবং পরিবারের নিরাপত্তা দাবি করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উত্তর ঢেমশার আব্দুস সালাম মূল মালিকের কাছ থেকে জমি কিনে বুঝিয়ে দেওয়া ও রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চুক্তির মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় এক কোটি টাকা নেন। অভিযোগকারীদের দাবি, টাকা নেওয়ার পরও তিনি জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নিজেই তা দখলে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি জমির বাকি অংশের রেজিস্ট্রি ও তাদের ভোগদখলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি কেনা হয় এবং পরে ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। কিন্তু আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিন নিজেদের প্রভাব খাটিয়ে জমির শান্তিপূর্ণ ভোগদখলে বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়:

  • প্রায় এক কোটি টাকা গ্রহণ ও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা।

  • জমির দলিল ও নামজারি যাচাই করে বৈধ ভোগদখল নিশ্চিত করা।

  • হুমকি ও ভয়ভীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

  • পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ।

বক্তব্যে আরও বলা হয়, তাঁরা কারও সম্পত্তি দখল করতে চান না; বরং অর্থের বিনিময়ে কেনা জমির ন্যায্য অধিকার চান এবং প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণ প্রশাসনের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।




পটিয়ায় দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন

পটিয়ায় দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিক ভাবে এসব সেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম  এবং সভাপতিত্ব করেন উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ ঘাটা নূরী জামে মসজিদের খতিব ও দোহাজারী জামিরজুরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরী।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর ও যুবসমাজ পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বই পড়া থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। নতুন এই পাঠাগার চালুর ফলে এলাকার কিশোর ও যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দাতব্য চিকিৎসালয় ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালুর উদ্যোগের প্রশংসা করে ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের উৎসাহিত করেন অতিথিরা। ভবিষ্যতে মানবকল্যাণে আরও নতুন নতুন প্রকল্প যুক্ত করে ফাউন্ডেশন এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ১২ বছর আগে সমাজের অতি দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করে হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশন। 

এ পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মিতভাবে চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।