হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ঈদগড়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বন্যহাতির আবাসস্থল সংরক্ষণ, খাদ্যসংকট দূরীকরণ এবং মানুষ-হাতির সংঘাত কমানোর লক্ষ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের উদ্যোগে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঈদগড় চরপাড়ায় হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সভা হয়।
ঈদগড় রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌসের উদ্যোগে আয়োজিত এ সভায় সার্বিক সহযোগিতা করেন বিট কর্মকর্তা আমিনুল ইসলাম।
রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌস জানান, বন্যহাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, হাতির প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস সংরক্ষণ এবং হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমিয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিট কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সভায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং হাতির চলাচলের পথ নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বন্যহাতির আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, হাতি সংরক্ষণে শুধু বন বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষ-হাতির সংঘাত কমাতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।











