চকরিয়ায় জমি দখলের চেষ্টা, উত্তেজনার আশঙ্কা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চকরিয়ায় জমি দখলের চেষ্টা, উত্তেজনার আশঙ্কা

চকরিয়ায় জমি দখলের চেষ্টা, উত্তেজনার আশঙ্কা
ছবি সংগৃহীত।

চকরিয়া শহরের ব্যস্ততম এলাকায় রাতের আঁধারে রেকর্ডীয় জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাটি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চিরিংগা গার্লস হাইস্কুল সড়কে, নিউ রাজভবনের পেছনের গলিতে।

ভুক্তভোগী তসলিমা ও তাঁর স্বামী ইলিয়াস সওদাগরের দাবি, মায়ের সূত্রে পাওয়া চিরিংগা মৌজার ১৯৮০ নম্বর খতিয়ানের ৩৫৮ ও ৩৫৯ নম্বর দাগে তাঁদের ১৩ কড়া জমি রয়েছে, যার রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই জমিতে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন একই এলাকার মো. শফি ও তাঁর সহযোগীরা। ভুক্তভোগীর দাবি, নির্মাণে বাধা দিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের চিত্র দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমির কাগজপত্র যাচাই করে অবৈধ দখলচেষ্টা বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে অভিযুক্তদের পক্ষে কেউ মন্তব্য করেননি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন

চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গরু মোটাতাজাকরণ ও গাভি পালনে খামারিদের ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কর্মসংস্থান ব্যাংকের চকরিয়া শাখা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক আবু সাজ্জাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাকিম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের।

ব্যাংকের চকরিয়া শাখার সিনিয়র কর্মকর্তা আলমগীর ফারুকের সঞ্চালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে চারজন খামারির মধ্যে মোট ৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, গরু মোটাতাজাকরণ ও গাভি পালনে সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হলে স্থানীয় পর্যায়ে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনায় নতুন উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কক্সবাজার থেকে পালিয়ে সিলেট, গ্রেফতার হলেন সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ চারজন

কক্সবাজার থেকে পালিয়ে সিলেট, গ্রেফতার হলেন সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ চারজন
ছবি সংগৃহীত।

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের যুবলীগ নেতা এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, আবদুর রহমান বদির ছেলে নিসিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন।


বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশের ভাষায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন- এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।


বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।


ধৃত শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।


পুলিশ সূত্র মতে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্লাস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু করা হয়। ওই সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরসহ চারজনকে গ্রেফতার করা হয়।


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির সাংবাদিকদের বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তাঁর দুই ভাইসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও গ্রেফতারের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।


ওসি বলেন, গ্রেফতারকৃদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।


তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ঈদগড়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ঈদগড়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

বন্যহাতির আবাসস্থল সংরক্ষণ, খাদ্যসংকট দূরীকরণ এবং মানুষ-হাতির সংঘাত কমানোর লক্ষ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের উদ্যোগে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঈদগড় চরপাড়ায় হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সভা হয়।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌসের উদ্যোগে আয়োজিত এ সভায় সার্বিক সহযোগিতা করেন বিট কর্মকর্তা আমিনুল ইসলাম।

রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌস জানান, বন্যহাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, হাতির প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস সংরক্ষণ এবং হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমিয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিট কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সভায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং হাতির চলাচলের পথ নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বন্যহাতির আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের মতে, হাতি সংরক্ষণে শুধু বন বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষ-হাতির সংঘাত কমাতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।