বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প
ছবি সংগৃহীত।

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। আর এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।

মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদন করে বাজারে পণ্য সয়লাব করে দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও উৎপাদনের জন্য হুমকি।

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। এরপরই শুল্ক পুনরায় চালু করতে ‘সেকশন ৩০১’- নামে একটি ধারার প্রেক্ষিতে শুল্ক আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, যেসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, আজকে ট্রাম্পের এ ঘোষণার কারণে বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। যার প্রভাব পড়বে সব জায়গায়।

ট্রাম্প প্রথমবার যখন শুল্ক আরোপ করেন তখন জানান বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে রেখেছে। যার প্রেক্ষিতে তিনি পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সকে একটি সূত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্ক দেওয়া হবে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছরের মে মাসে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নামে ওই চুক্তি করেছিল। এরপর বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। যা আগেরবার ২০ শতাংশ ছিল।

যেসব দেশের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে—

চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: রয়টার্স, বিবিসি




জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
ছবি সংগৃহীত।

সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সব সৌদি বন্দরে হামলা পরিচালনা করবে হুথি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারী জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী ও শ্রমিকদের পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া, শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী।

সেই হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি-ইয়েমেন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সৌদি জোটের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে জেদ্দাসহ অন্যান্য সৌদি বন্দরে হামলার হুমকি দেন ব্রিগেডিয়ার জেনারেল সারী।

উল্লেখ্য,লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।

২০১৬ সালে থেকে সৌদি জোটের সঙ্গে সংঘাত চলছে হুথি বাহিনীর। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে দু’পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে গত সেপ্টেম্বরে উভয়পক্ষই চুক্তির শর্ত ভেঙে নিয়মিত একে অপরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

সূত্র : রয়টার্স




সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
ছবি সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।

স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। যে কারণে ইয়েমেনের স্বীকৃত সরকার চলতি মাসে দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

এর আগে, চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালিয়েছিল হুথিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

সূত্র: এএফপি।




রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র

হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ

হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ
ছবি সংগৃহীত।

দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।

সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”

হাসিনার এ মুখপাত্র আরও বলেছেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।”

বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে বলেন, হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর তাকে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সূত্র: রয়টার্স