হাটহাজারীতে কৃষি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযানে মাটি কাটার সরঞ্জামসহ একটি ড্রাম ট্রাক ও দুটি এসকাভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হেলাল উদ্দিন ও মাসুদ। তাদের প্রত্যেককে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩' অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, একটি চক্র প্রলোভন দেখিয়ে কৃষি জমির উর্বর মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছিল। এতে পরিবেশের ভারসাম্য ও কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মাটি কাটা অবস্থায় তাদের আটক করা হয়।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “কৃষি জমির টপসয়েল রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও কৃষির ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”








