সীতাকুণ্ডে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। দোয়া মাহফিলে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পরলোকগত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালেহ আহমদ সলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরসালিন, কৃষক দলের সাধারণ সম্পাদক আকাইদুল ইসলাম ডালিম এবং পৌরসভা ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী। এছাড়া সীতাকুণ্ড পৌরসভার প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মাহফিলে অংশ নেন।
মোনাজাতে মরহুমদের বিদেহী আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।








