সাতকানিয়ায় সংখ্যালঘু পরিবারের পুকুরের মাছ লুট ও গাছ কাটার অভিযোগ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সাতকানিয়ায় সংখ্যালঘু পরিবারের পুকুরের মাছ লুট ও গাছ কাটার অভিযোগ

সাতকানিয়ায় সংখ্যালঘু পরিবারের পুকুরের মাছ লুট ও গাছ কাটার অভিযোগ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া চিতামুড়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট এবং পুকুরপাড়ের ফলজ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগটি করেছেন গ্রামের বাসিন্দা মোহন দাস ধোপার ছেলে তপন দাস। তাঁর দাবি, তাঁদের পূর্বপুরুষেরা দীর্ঘ কয়েক শ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। বাড়ির দক্ষিণ পাশে তাঁদের অংশীদারত্বের একটি পুকুর ও গাছবাগান রয়েছে। পুকুরের মালিকানা ও ভোগদখল নিয়ে অংশীদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তপন দাসের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা পুকুরের পাড় কেটে পানি বের করে দেন। পরদিন সকালে পুকুরে জাল ফেলে অবশিষ্ট মাছ ধরে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া পুকুরের চারপাশে থাকা প্রায় ৪০ থেকে ৫০টি ফলজ ও বনজ গাছ দা-কুড়াল দিয়ে কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

তপন দাস আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় মো. ইকবাল, মো. মোরশেদ ও মো. জাকিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন তপন দাস।

তিনি বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




আনোয়ারায় মাদক কারবারিদের জানাজা ও কবর না দেওয়ার হুঁশিয়ারি

আনোয়ারায় মাদক কারবারিদের জানাজা ও কবর না দেওয়ার হুঁশিয়ারি
আনোয়ারায় মাদকবিরোধী সমাবেশে বক্তারা

মাদক কারবারিদের জানাজা না পড়ানো ও স্থানীয় কবরস্থানে কবর না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাদের সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন মাদকবিরোধী এক সমাবেশে স্থানীয়রা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় ‘সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে জুয়া, চুরি-ডাকাতি, মাদক বিক্রি ও সেবন রোধে জনসচেতনতা বৃদ্ধি’র লক্ষ্যে আয়োজিত র‍্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। উত্তর হাজীগাঁও গণপাঠাগার ও প্রবাসী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান।

স্থানীয় বাসিন্দা এম হাসান আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মুরাদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আনোয়ারা থানার এসআই মো. শাহ আলম, রতন, শেখপাড়া সোসাইটি সহসভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মাহাতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর সবুর, ইউপি সদস্য আলী আজগর ও শাহেদুর আলম।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য হাসান মাহমুদ, এরশাদুল হক জুয়েল, এরশাদুল ইসলাম, জিয়াউর রহমান, ইমাম হোসেন, আবদুল আল নোমান, ফারুক হোসেন মুন্না, রাশেদুল ইসলাম, ইমরুল, ফয়সাল, পারভেজ, শাহেদ খান মুন্না, জুয়েল, তারেক, ইসাত, ইমন, অপু, মোহররম, রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা জাতির শত্রু, তাদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে। কোনো মাদক কারবারি মারা গেলে তার লাশ গোসল, জানাজা বা কবর দেওয়ার ক্ষেত্রে যেন এলাকাবাসী সহযোগিতা না করে, সেই আহ্বান জানাচ্ছি।’




ছদাহা আবুল হোসেন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ছদাহা আবুল হোসেন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
ছবি সংগৃহীত।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সাতকানিয়ার ছদাহা আবুল হোসেন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

গতকাল ২৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক এস এম ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতকানিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হিরু। প্রধান বক্তা হিসেবে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন সাতকানিয়া ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. এরশাদুল হক চৌধুরী তাসলিম।

কোরআন তিলওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতকানিয়া ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান বাবুল, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান, সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আবছার, মোহাম্মদ তোয়াহা খোকা, ছদাহা ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ ফারুক ও মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।




সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে আরমান নামের এক ব্যক্তির মৃত্যু

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে আরমান নামের এক ব্যক্তির মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ায় বিদ্যুতায়িত হয়ে আরমান উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল ২৬ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে নিহত আরমান উদ্দিন সাতকানিয়া উপজেলার ৬ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান উদ্দিন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ছিলেন। সেই সুবাদে বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে সাতকানিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম কেঁওচিয়ায় আরমান নামের এক ব্যক্তির বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।