সাতকানিয়া-লোহাগাড়ায় অবকাঠামো উন্নয়নে ১৩০ কোটি টাকার বরাদ্দ

দীর্ঘদিন অবহেলিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় এলাকার অবকাঠামোগত উন্নয়নে ১৩০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বরাদ্দ দেন।
মূলত দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং নতুন সড়ক উন্নয়ন কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো.শহিদুজজামান খান স্বাক্ষরিত একপত্রে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে প্রেরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। এদিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প গ্রহণের লক্ষ্যে গতকাল ২৪ ফেব্রুয়ারি বিকেলে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সঙ্গে জেলা ও উপজেলা প্রকৌশলীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত কাজ শুরু করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, যেসব সড়ক ও অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে, সেগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার নির্দেশনাও তিনি সংশ্লিষ্টদের দিয়েছেন।
বৈঠকে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সম্ভাব্য প্রকল্পের তালিকা, বাজেট বণ্টন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিকে একইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
এ সময় লোহাগাড়া উপজেলা প্রকৌশলীর পাশাপাশি লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে সাতকানিয়া উপজেলা এবং লোহাগাড়া উপজেলা সমন্বয়ে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন গঠিত। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকাবাসী আশা করছেন, ঘোষিত এই বরাদ্দ দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে বলে মনে করেন সচেতন মহল।








