শেখ হাসিনার ফেরার গুঞ্জন: প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শেখ হাসিনার ফেরার গুঞ্জন: প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না

শেখ হাসিনার ফেরার গুঞ্জন: প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না
ছবি সংগৃহীত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আলোচনা আমরাও শুনেছি। শেখ হাসিনাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চলতে দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান। তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে- তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।




প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের। সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীলরা জানিয়েছে, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গত রাতে বৈঠকটি স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা কমিশন জানায়, আজ সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ শেষ করতে হচ্ছে। একনেকের বৈঠক শুরু হলে তা দুপুরের খাবারের আগে শেষ করা সম্ভব হতো না। সব দিক বিবেচনা করেই বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের একনেক বৈঠকে উপস্থাপনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ— তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন। এছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

তালিকায় থাকা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপনের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল।




গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন
ছবি সংগৃহীত।

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রথমেই যুক্ত হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ১০টা ২৫ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকার ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার কর্মীরা।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে সেখান যায় আরও ৪ ইউনিট। এখন মোট ১০টি ইউনিট সেখানে কাজ করছে।  

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টুন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ১৭ অক্টোবর বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। 




সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি ওয়েবসাইট বন্ধ
ছবি সংগৃহীত।

পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতার পর বাংলাদেশে একাধিক সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ছয়টি ব্যাংকের পাশাপাশি বিজি প্রেস, ব্যানবেইস, পেট্রোবাংলা এবং ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। সম্ভাব্য সাইবার হামলা এড়ানো এবং নিজস্ব প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়।

বন্ধ রয়েছে ছয় ব্যাংকের ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।

ওয়েবসাইট বন্ধ রাখা ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা এবং প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো পুনরায় চালু করা হবে।

বন্ধ ভূমিসেবার ওয়েবসাইটও

পিএইচপির নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ কার্যক্রম চলার কথা।

এই সময় land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ভূমিসেবা নেওয়া সম্ভব হবে না।

সতর্কবার্তা দিয়েছিল বিজিডি ই-গভ সার্ট

পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে গত ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না যাচাই করতে বলা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

কেন গুরুত্বপূর্ণ পিএইচপির নিরাপত্তা

ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এই ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার বা সার্ভারকে ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করছে এবং ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সেবা বন্ধ রাখছে।