গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন
ছবি সংগৃহীত।

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রথমেই যুক্ত হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ১০টা ২৫ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকার ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার কর্মীরা।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে সেখান যায় আরও ৪ ইউনিট। এখন মোট ১০টি ইউনিট সেখানে কাজ করছে।  

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টুন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ১৭ অক্টোবর বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। 




সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি ওয়েবসাইট বন্ধ
ছবি সংগৃহীত।

পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতার পর বাংলাদেশে একাধিক সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ছয়টি ব্যাংকের পাশাপাশি বিজি প্রেস, ব্যানবেইস, পেট্রোবাংলা এবং ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। সম্ভাব্য সাইবার হামলা এড়ানো এবং নিজস্ব প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়।

বন্ধ রয়েছে ছয় ব্যাংকের ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।

ওয়েবসাইট বন্ধ রাখা ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা এবং প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো পুনরায় চালু করা হবে।

বন্ধ ভূমিসেবার ওয়েবসাইটও

পিএইচপির নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ কার্যক্রম চলার কথা।

এই সময় land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ভূমিসেবা নেওয়া সম্ভব হবে না।

সতর্কবার্তা দিয়েছিল বিজিডি ই-গভ সার্ট

পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে গত ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না যাচাই করতে বলা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

কেন গুরুত্বপূর্ণ পিএইচপির নিরাপত্তা

ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এই ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার বা সার্ভারকে ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করছে এবং ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সেবা বন্ধ রাখছে।




মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
ছবি সংগৃহীত।

মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।’

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মাঠগুলো অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণ করতে হবে।

পাশাপাশি নতুন মাঠ চিহ্নিত করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি স্কুল পর্যায়ে দ্রুত ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ চালুর আহ্বান জানান।

বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের ক্রীড়ানুরাগের কথাও স্মরণ করেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল পর্যায়ে খেলাধুলা এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসাহ ও সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের ও সাধারণ সম্পাদক আলী ইমাম তপনসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী। পরে খেলোয়াড় ও বিচারকদের পক্ষ থেকে শপথ পাঠ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবারের প্রতিযোগিতা।




আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট
ছবি সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে মার্কেট ও দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমেছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আবারও বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম কার্যকর হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়ম কার্যকর হয়েছে।