লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও হয়রানির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে নিবন্ধিত জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা এবং আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। আদালতের আদেশ লঙ্ঘন করে জুমার নামাজের সময় লোকবল এনে জমিতে নানা ধরনের স্থাপনা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করার অভিযোগ উঠেছে হাসন আলী গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৭ নম্বর ফাইতং মৌজার অন্তর্ভুক্ত খতিয়ান নম্বর-৮৪ এবং বিভিন্ন দাগের (যেমন—১২৭২, ১২৭৩, ১২৭৪ নম্বর দাগের অংশবিশেষ) প্রায় ৪ কানি প্রথম শ্রেণির জমি দীর্ঘ ৬৫ বছর ধরে এ কে খান কোম্পানি ভোগদখলে রাখে। পরবর্তীতে এ কে খান ও অন্যান্য ওয়ারিশগণের নিকট থেকে বৈধভাবে খরিদসূত্রে নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম এর মালিকানা লাভ করেন। বর্তমানে তাঁরা আড়াই কানি জমির শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন। কিন্তু প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছে।
জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট আইনি লড়াইয়ে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা (অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা) দায়ের করেন হাসন আলী। মামলার ১ ও ২ নম্বর বিবাদী জবাব না দেওয়ায় আদালত উল্লেখিত জমিতে শান্তিভঙ্গ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি আগামী ১৪/১২/২০২৬ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
তবে অভিযোগ উঠেছে যে, বাদীপক্ষ আদালতের এই নির্দেশ তোয়াক্কা করছে না। তাঁরা নিজেরাই আইন অমান্য করে জুমার নামাজের সময় মাদ্রাসা ছাত্র ও দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং আদালতের স্থিতাবস্থা (Status Quo) ভঙ্গ করছেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে।
জমির মালিক নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম বলেন, “আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মাথা পেতে নেব। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কোনো বাড়াবাড়ি বা গণ্ডগোলে যাইনি। অথচ প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানা ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছে।”
এলাকার প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, এ কে খান এই জমির মালিক—এলাকার ছোট-বড় সবাই তা জানেন এবং বৈধ দলিলের মাধ্যমেই প্রকৃত মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তা ভোগ করে আসছে। হঠাৎ করে হাসন আলী ও তাঁর প্রতিপক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং আদালতের আদেশ অমান্য করে জমিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।










