লামা রিপোর্টার্স ক্লাবের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী লামা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, লামার ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় চালু করা, এলাকার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন এবং নতুন সদস্য ভর্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া লামার ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
সভায় লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবহেলিত এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এলাকার উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে গণমাধ্যমের মাধ্যমে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে স্থানীয় জনসাধারণের কল্যাণ ও এলাকার উন্নয়নে গণমাধ্যম সব সময় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।










