রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার রামু চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংঘাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল রামু থানা-পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




নীলাদ্রি লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন

নীলাদ্রি লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন
ছবি সংগৃহীত।

পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাংবাদিকেরা। পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা এলাকার নয়নাভিরাম নীলাদ্রি লেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় রামু প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। এতে রামুতে কর্মরত সাংবাদিকসহ প্রেসক্লাবের ৩০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে রামু চৌমুহনী স্টেশন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নীলাদ্রি লেকের উদ্দেশে যাত্রা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। যাত্রাপথে গ্রামীণ জনপদ, নদী ও রাবার বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। পথে কয়েকটি স্থানে যাত্রাবিরতি ও ফটোসেশনে অংশ নেন সাংবাদিকেরা।

নীলাদ্রি লেকে পৌঁছালে বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে লেকের পাড়ে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, মিজানুল হক ও সোয়েব সাঈদ। পাশাপাশি লেকের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে আনন্দে মেতে ওঠেন ক্লাবের সদস্যরা।

গহিন বনাঞ্চলবেষ্টিত নীলাদ্রি লেকে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় নাগরিক ব্যস্ততা ও প্রযুক্তির কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান সাংবাদিকেরা। গান, আড্ডা, খেলাধুলা ও হাসি-আনন্দে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডা ও আলোচনা পর্বে বক্তব্য দেন—রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বনভোজন আয়োজক কমিটির উপদেষ্টা জাফর আলম জুয়েল ও এম আবদুল্লাহ আল মামুন, আহ্বায়ক জহির উদ্দিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক হামিদুল হক, সদস্যসচিব কামাল শিশির, সদস্য এম এইচ আরমান ও মোহাম্মদ আবদুল্লাহসহ ক্লাবের অন্যান্য সদস্য।

বনভোজনে অংশগ্রহণ করেন রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহসভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য জাফর আলম জুয়েল এবং সদস্য মিজানুল হক, কায়েদ আলম কায়সার, এইচ এম জয়নাল আবেদিন, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।

এছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিজন বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ, আরিফুল হক ও শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

প্রতিদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের প্রতিযোগিতার বাইরে এ বনভোজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। বনভোজনের খাবারসহ সার্বিক আয়োজন ব্যক্তিগত উদ্যোগে করেন ঈদগড়ের সাংবাদিকেরা। প্রিয় সহকর্মীদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠে তাঁদের এ উদ্যোগ।

বিকেলে ফেরার পথে ঈদগড় বাজারে সাংবাদিকদের সম্মানে চা-চক্রের আয়োজন করেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রামু প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী বনভোজন।




চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৬০)—যিনি বেলালের বাবা হিসেবে পরিচিত—নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) মাগরিবের নামাজের পর ইউনিয়নের গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

নিহত ছৈয়দ ফকিরের পরিবারের আদি নিবাস বাঁশখালী উপজেলায় হলেও তিনি উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারডেবা এলাকার বাসিন্দা হিসেবে বসবাস করতেন।

এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম আত্মপ্রকাশ

কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম আত্মপ্রকাশ
ছবি সংগৃহীত।

নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, পরিবেশ এবং জনস্বার্থ রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ জোরদার করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম। 
এতে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন সভাপতি এবং অ্যাডভোকেট সাকী-এ-কাউছারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অধ্যক্ষ অজিত দাশ, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেদ সালাউদ্দিন, মকবুল আহমদ, হোসাইনুল ইসলাম মাতব্বর, অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা ও এড. এহসানুল হক।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কমিটি ঘোষিত হয়। 
ফোরামের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবি রুহুল কাদের বাবুল, শামিমা আকতার, জাহানারা ইসলাম, সোহেল ইকবাল, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, শামসুল হক শারেক, ইমাম খাইরসহ বিভিন্ন শ্রেণীর পেশার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সভা সঞ্চালনা এবং ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সদস্য সচিব অ্যাডভোকেট সাকী-এ-কাউছার ও অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা।
সভায় উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনশিল্প, সামুদ্রিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কক্সবাজার নানা সম্ভাবনার পাশাপাশি নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা, অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা,নিরাপদ পানি, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা মোকাবিলায় সচেতন নাগরিকদের সংগঠিত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
ফোরামের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, বাঁকখালী নদীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, যানজট নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি নিশ্চিতকরণ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ এবং রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে স্থানীয় জনগণের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।
ধারণাপত্রে আরও উল্লেখ করা হয়, ফোরামটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হবে না। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ, জনস্বার্থভিত্তিক ও নাগরিক অধিকারকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তথ্য, যুক্তি, আইন, মানবিক মূল্যবোধ ও জনস্বার্থকে ভিত্তি করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ, মতবিনিময়, গবেষণা, গণশুনানি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় গণমাধ্যম ও সাংবাদিক সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কক্সবাজারকে একটি মানবিক, বৈষম্যহীন, পরিবেশবান্ধব, নিরাপদ ও নাগরিক অধিকারসম্মত জনপদ হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, তরুণ সমাজ,সামাজিক ও পরিবেশ সংগঠনসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম
নাগরিক অধিকার, মর্যাদা ও জনস্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ।
এই যাত্রায় সকল শ্রেণীর নাগরিকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন সভাপতি মো. নাছির উদ্দিন।