রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ন্যায়বিচারের আশায় লাখো মানুষ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এ রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত ১০ নভেম্বর আদালতের রায় ঘোষণার তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়ে সংস্থাটি মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক একটি বিশ্লেষণ প্রকাশ করে। এতে বলা হয়, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে এ মামলার মাধ্যমে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সহিংসতা ও নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের লঙ্ঘন এবং এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল।
মামলাটি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়। বরং গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্র তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, এ মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। একই সঙ্গে বিশ্বকে মনে করিয়ে দেবে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এইচআরডব্লিউ জানিয়েছে, ১৯ নভেম্বরের রায় হবে চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এর মধ্য দিয়ে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রম শেষ হবে। তবে রায়ের বাস্তব প্রভাব নির্ভর করবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সহযোগিতা, আন্তর্জাতিক চাপ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর উদ্যোগের ওপর।
বাংলাদেশের জন্যও এ রায় বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। ফলে আইসিজের এ রায়ের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়।










