আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সরকারি ডাক বিলির কাজে মোটরসাইকেলযোগে আলীকদম থেকে লামা সার্কেল অফিসের উদ্দেশে যাওয়ার পথে চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চকরিয়া থেকে ছেড়ে আসা ‘মাতামুহুরী পরিবহনের’ একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাজু চক্রবর্তীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায়। তাঁর কনস্টেবল নম্বর ৫৩১ এবং বিপি নম্বর ৮৪০৪০৬৪৬২৩। ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, কর্তব্যরত অবস্থায় এই পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে একটি শোকবার্তা দিয়েছেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। শোকবার্তায় তিনি নিheতের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারি ও পুলিশ বাহিনীর বিধি মোতাবেক পরিবারটিকে আর্থিক সুবিধাসহ সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।









