গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ
ছবি সংগৃহীত।

বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। এসময় সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

গত সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন।

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বও দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে।

ওই সাংবাদিক জাতিসংঘের কাছে জানতে চান, সংস্থাটি ঘটনাটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না। এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে কি না, সেটিও জানতে চান।

জবাবে ফারহান হক বলেন, ‘সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’

একই সঙ্গে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে, প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জোর দেন জাতিসংঘের এই মুখপাত্র। তিনি বলেন, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।

এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

সূত্র: জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তি




ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান
ছবি সংগৃহীত।

ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে ২০-২৫ মিনিট ঘুরে বেড়াল চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে ঘটেছে স্পর্শকাতর এই ঘটনা।

বর্তমান যুগে কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনও যেখানে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়, সেখানে চীনা যুদ্ধ কীভাবে ভারতের আকাশসীমায় প্রায় আধা ঘণ্টা ধরে নির্বিঘ্নে ঘুরে বেড়াল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে খোদ ভারতীয় মহলেই। বিশেষ করে, শিলিগুড়ি করিডোরের কাছে এমন একটি স্পর্শকাতর স্থানে আকাশসীমা লঙ্ঘন ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাতে সাড়া পাওয়া যায়নি।
সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে এবং সেটিকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা পাঠায়। তবে ভারতীয় বিমানবাহিনীর বার্তাকে পাত্তা না দিয়ে চীনা যুদ্ধবিমানটি ওই এলাকার ওপর চক্কর দিতে থাকে।
যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। এটি কী ধরনের আকাশযান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়ন পথ এবং ঠিক কখন এটি ভারতীয় ভূখণ্ড ত্যাগ করেছিল—এসব তথ্য এখনো জানা যায়নি।

আগেও ভারতে ঢুকেছিল চীনা সামরিক প্লেন
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা নিয়ে এর আগেও উদ্বেগ তৈরি হয়েছিল।

২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়ে গেছিল চীনের একটি সামরিক প্লেন। ভারতের স্থলবাহিনীর সদস্য ও রাডারে সেটির উপস্থিতি ধরা পড়ে। ঘটনাটি নিয়ে চীনের কাছে উদ্বেগ জানায় ভারত।

২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময়ও সীমান্তের কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়।

তখন ওই এলাকায় টহল দেয় ভারতীয় যুদ্ধবিমান। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল নয়াদিল্লি।

২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখন্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়।

ওই বছরের ৭ নভেম্বর লাদাখেও চারটি চীনা হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট ধরে একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।

এ ছাড়া ২০১৭ সালের জুনে উত্তরাখন্ডের চামোলি জেলায় দুটি চীনা সেনা হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দেয়। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটেছিল।

সূত্র: আউটলুক ইন্ডিয়া




ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ছবি সংগৃহীত।

ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন নেতানিয়াহু।

সম্প্রচারমাধ্যমটি একটি ‘বিষয় সম্পর্কে অবগত’ সূত্রের বরাতে জানিয়েছে, এসব গোয়েন্দা তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদের প্রধান রোমান গোফম্যান যে ওয়াশিংটন সফর করছেন, সে বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না। তবে তাকে ইচ্ছাকৃতভাবে এই সফরের তথ্য জানানো হয়নি কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে, নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।




চীনে হতে যাচ্ছে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক, জানালো হোয়াইট হাউজ

চীনে হতে যাচ্ছে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক, জানালো হোয়াইট হাউজ
ছবি সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতা বৈঠক করবেন। বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।

ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও আলোচনা করবেন। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেসব বড় সংঘাত তার শাসনামলকে প্রভাবিত করছে, তার একটি নিয়ে তিন নেতার বৈঠকে আলোচনা হবে। তবে অন্যটি আলোচনায় আসবে না।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে চান।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা নেই ট্রাম্পের। ওই কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

ওই কর্মকর্তা বলেন, চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা উপযুক্ত হবে বলে মনে করছে না ওয়াশিংটন।

ট্রাম্পের চীন সফরে তার সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে মাস্ক অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজেও অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক। তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই ট্রাম্পের।

এদিকে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ট্রাম্পের চীন সফরের আলোচনায় আসার সম্ভাবনা নেই। মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দ্বিতীয় এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে এই সফরের তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়। সংবেদনশীল প্রযুক্তির চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েও চীনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কে এ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে তারা আলোচনা করেন না। এসব জাতীয় নিরাপত্তার বিষয়, যা মার্কিন প্রশাসন নিজস্ব প্রক্রিয়ায় নির্ধারণ করে। চীন সফরে এ বিষয়টি আলোচনায় আসবে বলেও তারা মনে করছেন না।

সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছে আসিয়ান সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর সেখান থেকে চীনের শেনজেনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সূত্র: এএফপি