প্রায় ৩০০ শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়
রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বিল ছাড়করণে অর্থ আত্মসাতের অভিযোগ

বান্দরবানের রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিল ছাড়করণের কাজে বিভিন্ন খরচের কথা বলে প্রায় ৩০০ জন প্রধান ও সহকারী শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। এতে মোট দেড় লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করা হলেও এই অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো স্পষ্ট ধারণা নেই।
অভিযোগ সূত্রে জানা গেছে, বান্দরবানের বনরূপা নিবাসী মাস্টার আবু হাসানের ছেলে এবং রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মামুনুর রশিদ পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিল তৈরির বিভিন্ন খরচের কথা বলে শিক্ষকদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন। এভাবে প্রায় ৩০০ জন শিক্ষকের কাছ থেকে মোট দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট কর্মচারীর কাছে তাঁরা প্রত্যেকে ৫০০ টাকা করে জমা দিয়েছেন। তবে কীসের খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। অথচ এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক তাঁদের স্পষ্টভাবে জানিয়েছিলেন, পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষক বলেন, “আমরা সবাই টাকা জোগাড় করে মামুনুর রশিদ ভাইয়ের কাছে জমা দিয়েছি। কিন্তু কী কারণে এই টাকা নেওয়া হলো, তা আমাদের পরিষ্কার করে জানানো হয়নি। অথচ শিক্ষা কর্মকর্তা আগেই আমাদের জানিয়েছিলেন, এসব কাজের জন্য কোনো টাকা লাগবে না।”
এ বিষয়ে অভিযুক্ত মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে কোনো টাকা লেনদেন করিনি। আমার হাতে এ ধরনের কোনো অর্থ জমা হয়নি।”
অভিযোগের বিষয়ে হিসাব সহকারী থোয়াই সাউ মার্মার কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের একটি অভিযোগ শুনেছি। তবে অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে, তা আমার জানা নেই।”
অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাকবলেন, “শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে সরকারের পক্ষ থেকে কোনো টাকা লাগে না। আমাদের অফিসের কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এক মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, এসব কাজ সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হবে। আমার নির্দেশ অমান্য করে কেউ অর্থ আদায় করে থাকলে এবং এর সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি দাপ্তরিক সেবা বিনামূল্যে প্রদানের নির্দেশনার পরও শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের এমন অভিযোগ ওঠায় স্থানীয় শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই, আদায়কৃত অর্থ কোথায় গেল তা নিরূপণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।











