সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার
ছবি সংগৃহীত।

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতে স্পিকার এ তথ্য জানান।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।




মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেওয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।

মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।




রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি সংগৃহীত।

পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়। কয়েক ঘণ্টার জন্য এ সরবরাহ গ্রিডে যুক্ত থাকবে। স্থায়ীভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে আরও কিছুদিন পর।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি সফলভাবে সম্পন্ন হলে আগামী ২১ নভেম্বর অথবা এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পারমাণবিক বিদ্যুৎ।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় কেন্দ্রটি কয়েক ঘণ্টা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ সময় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রিডের আচরণ পর্যবেক্ষণ করা হবে। কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য তারা প্রস্তুত রয়েছে। এখন পরীক্ষামূলকভাবে গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে জাতীয় গ্রিডের সক্ষমতা যাচাই করা হবে। কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। ১২শ মেগাওয়াট ধারণ সম্পন্ন ২টি ইউনিটের মাধ্যমে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।




শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই: ডা. জাহেদ

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই: ডা. জাহেদ
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তার বাবার করা আইনেই তার বিচার নিশ্চিত করা হবে। এছাড়া তার আপিল করারও সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকার চাপে নেই উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফেরা নিয়ে একটি গণমাধ্যমের প্রতিবেদনকে ভারতের অবস্থান হিসেবে ধরে নিচ্ছে না সরকার। পলাতক হাসিনাকে ফেরাতে ভারত সরকার কোনও শর্ত দেবে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

এদিকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, সহিংসতা সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।

গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে সরকার প্রস্তুত আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তবে অপরপক্ষ থেকে কোনও আপডেট এখনও পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনও সম্ভাবনা এখনও দেখছি না। পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনও সম্পর্ক নেই।

এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো হবে জানিয়ে ডা. জাহেদ বলেন, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া দেশে সুস্থভাবে যাত্রাপালা বা সার্কাস হলে তা চলতে বাধা নেই। তবে যাত্রাপালা বা সার্কাসের নামে কোনও অশ্লীলতা চলতে দেওয়া হবে না।