নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান,শিক্ষার উন্নয়নে আলো দেখাচ্ছেন

নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে তা থেকে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘মানসম্মত শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান শিক্ষার মানোন্নয়নে তথ্যসমৃদ্ধ ও সুপরিকল্পিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়।
প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ইউএনও তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা, অভিভাবকদের সচেতনতা, নিয়মিত পাঠদান এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরেন। তাঁর দূরদর্শী চিন্তা ও শিক্ষার প্রতি আন্তরিকতা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু নাসের, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিরা।
সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ির শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সুধীজনের প্রত্যাশা, ইউএনও এনামুল হাসানের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নাইক্ষ্যংছড়ির শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং উপজেলাটি শিক্ষার মান ও ফলাফলে দেশসেরা হওয়ার পথে এগিয়ে যাবে।









