রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বর্তমান সদস্য (মেম্বার) ঙানরাও ম্রো বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর তাঁর রাজনৈতিক পরিচয় ও অতীত দলীয় সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন।
স্থানীয় নেতাদের কেউ কেউ দাবি করছেন, ঙানরাও ম্রো কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার দাবি করেছেন ঙানরাও ম্রো।
জানা গেছে, গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পান্তলা পাড়ার কোকোসিং মারমা, ৭ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার ঙানরাও ম্রো, ৬ নম্বর ওয়ার্ডের গালেঙ্গ্যা পাড়ার উচমং মারমা, ৪ নম্বর ওয়ার্ডের মাংতং পাড়ার মেনমিয়াম ম্রো, ৪ নম্বর ওয়ার্ডের অংলাই পাড়াবাসী য়াংপুং ম্রো এবং ৭ নম্বর ওয়ার্ডের আংমাই পাড়ার সিংরাও ম্রো। এ ছাড়া আরও কয়েকজন স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
ঙানরাও ম্রো দাবি করেন, ২০১৩ সাল থেকে রুমা উপজেলা বিএনপির কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
এদিকে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর রুমা উপজেলার একান্ত প্রতিনিধি থুইসাঅং মারমা জানিয়েছেন, ঙানরাও ম্রো গালেঙ্গ্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে মৌখিকভাবে দাবি করলেও লিখিত কোনো নথি দেখাতে ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সক্রিয় কর্মী মেননিয়ান ম্রো বলেন, “আমি ১৯৯৮ সালে মেম্বার হয়েছিলাম। জনগণ ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়ালে ২০২৭ সালে ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের মানুষের সেবা করতে পারব।”
তবে এ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় গালেঙ্গ্যা ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির একটি স্বাক্ষরিত কাগজে ঙানরাও ম্রোর নাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। ওই কাগজে তৎকালীন রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের স্বাক্ষর রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে, গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, তৎকালীন সময়ে ঙানরাও ম্রো ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। রুইফ পাড়ায় ঙানরাও ম্রো নামে একাধিক ব্যক্তি না থাকায় ওই কমিটির তালিকায় থাকা ব্যক্তিই বর্তমান মেম্বার ঙানরাও ম্রো বলে দাবি করেন তিনি।
একই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং দলীয় পদ-পদবি নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অতীত রাজনৈতিক ভূমিকা, দলীয় সম্পৃক্ততা ও সাংগঠনিক অবস্থান যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির মূল নথি ও সাংগঠনিক রেকর্ড যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।











