রামুতে যুবলীগ নেতা মোনাফসহ গ্রেফতার ২

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের কক্সবাজার জেলা সংগঠক মুনাফ সিকদার ও রানা সিকদার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার কিছু পর রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জোয়ারিয়ানালা এলাকায় কয়েকজন ব্যক্তি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রামু থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মুনাফ সিকদার ও রানা সিকদারকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি আয়োজন বা এতে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার মুনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া রানা সিকদারও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
তবে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।











