রাউজানে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদ্যাপন

চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাউজান প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এই রজতজয়ন্তী উদ্যাপন করেন স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আংছিং মারমা বলেন, “সাঙ্গু পত্রিকা গত আড়াই দশক ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। সৃজনশীলতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আলোচিত ও সত্য ঘটনা সাহসিকতার সাথে তুলে ধরে পত্রিকাটি নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছে।
দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক এম কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শিবলী আল সাদিক এবং রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) আবদুল্লাহ আল মামুন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম ও এম বেলাল উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ। আলোচনা শেষে অতিথিরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।








