রাউজান আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি জমা দিয়েছে তাঁর প্রতিনিধি দল।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের এই চিঠিটি পৃথক দুটি প্রতিনিধি দল দুই দফায় জমা দেয়। দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে প্রথম চিঠিটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা এবং ফিরোজ মেম্বারসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
একই সময়ে রাউজান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের কার্যালয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে অপর একটি প্রতিনিধি দল মনোনয়নের চিঠি জমা দেন। এই দলে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, আব্দুল মান্নান মনি, আবু হানিফ চম্পা, হেলাল উদ্দিন এবং রাসেল খানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতীক বরাদ্দের চিঠি জমা দেওয়ার পর সাবেক ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু গণমাধ্যমকর্মীদের বলেন, “দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মনোনয়নের চিঠি জমা দিয়েছি। রাউজানের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।”
উল্লেখ্য, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। তাঁর মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে রাউজান নির্বাচনী এলাকায় দীর্ঘ সময় পর নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে।








