ম্রো মিনি বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট থানচি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ-২০২৬’-এর প্রথম সেমিফাইনাল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলার ওয়াই জংশন (১২ মাইল) মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৯ মাইল সিনিয়র ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে থানচি ইয়াং ম্রো এফসি।
ওয়াই জংশন যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। খেলোয়াড়দের নৈপুণ্যে মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে থানচি ইয়াং ম্রো এফসি।
সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সদস্য চনুমং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেংপর ম্রো (কারবারি)।
প্রধান অতিথির বক্তব্যে চনুমং মার্মা বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। পাহাড়ের তরুণদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। এ ধরনের আয়োজন তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই ‘ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ-২০২৬’ আয়োজন করা হয়েছে।
ম্যাচ দেখতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।









