মীরসরাই আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১০ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ১০ জন প্রার্থী তাঁদের আবেদন দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত এরশাদ উল্ল্যাহ, স্বতন্ত্র প্রার্থী আশরাফ ছিদ্দিকী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল করিম।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন—বিএনপি মনোনীত নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) মনোনীত এ কে এম আবু ইউসুফ।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন। এ দিন প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময় শেষে এই আসনে মোট ১০ জন প্রার্থীর আবেদন জমা পড়েছে।








