ভাগ্য পরিবর্তনে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কেরানীহাট সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতির প্রেক্ষাপট কোনো রাজনৈতিক বিপ্লব ছিল না। এটি ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সর্বস্তরের গণমানুষের সিসাঢালা ঐক্য।
তিনি বলেন, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে সিপাহি-জনতার বিপ্লব ঘটেছিল, দুঃখজনকভাবে আজও সেই স্বপ্ন সুদূর পরাহত। সরকার আসে, সরকার যায়; কিন্তু গণমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বায়তুল মাল সম্পাদক নুরুল হক, শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল আনোয়ার মোস্তফা, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, সাতকানিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা সন্নিহিত আছে। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেই যাচ্ছে। সরকার ক্রমান্বয়ে স্বৈরশাসনের পথেই হাঁটছে।










