সাতকানিয়ায় নেজাম-ছালেক হত্যাসহ ১৩ মামলার আসামি মাহমুদুল গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের আলোচিত ১৩ মামলার আসামি মাহফুজুল হক প্রকাশ মাহমুদুল হক মেম্বারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর একটার দিকে এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে সাতকানিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হক এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকার গুরা মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মাহমুদুল হক বহুল আলোচিত ছনখোলার নেজাম ও ছালেক হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামিসহ মোট ১৩টি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি পৃথক মামলা (২০১২ ও ২০১৫) রয়েছে; যার মধ্যে ২০১৫ সালের ৩১ নম্বর মামলায় তদন্ত শেষে ইতিমধ্যে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
এ ছাড়া ২০০৭, ২০০৮ ও ২০১৫ সালের একাধিক মারামারি, দ্রুত বিচার ও দণ্ডবিধির বিভিন্ন মামলায় (মামলা নং— ১, ৪ ও ১৫) পুলিশ তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। তবে ২০২৩ সালের ২৯ মে দায়ের করা একটি মামলায় (মামলা নং— ৪০) তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ আগস্ট তাঁকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেয় পুলিশ। অন্যদিকে, ২০২৫ সালের ৯ মার্চ দায়ের করা একটি স্পর্শকাতর হত্যা মামলায় (মামলা নং— ৪) বর্তমানে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
থানা-পুলিশ আরও জানায়, সাতকানিয়ার বাইরে বোয়ালখালী থানায় ২০০৭ সালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় (মামলা নং— ০৩) মাহমুদুল হক অব্যাহতি পেলেও, বাঁশখালী থানায় দায়ের করা ২০২৪ সালের একটি বন মামলায় (সিআর নং— ৩৩০/১১) বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাঁকে সাজা প্রদান করেন।
তবে থানা হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত মাহমুদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার বিরুদ্ধে থাকা সবকটি মামলা আওয়ামী লীগ আমলের রাজনৈতিক উদ্দেশ্যে করা। নেজাম ও ছালেক হত্যা মামলা থেকেও আমি ইতিমধ্যে খালাস পেয়েছি। সম্প্রতি একটি ওয়ারেন্ট দেখিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি টানা তিনবার এলাকার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি; কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃত মাহমুদুল হকের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।









