বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
ছবি সংগৃহীত।

সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই সমতা ফেরায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। যেখানে ব্যাটে-বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। জবাবে ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান। দুজনে মিলে উদ্বোঢনী জুটিতে যোগ করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরলে ভাঙে সেই জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। অধিনায়কের ইনিংস ছিল মাত্র ৬ বলের। ৭ রান করে লিটন দ্রুত ফিরলে কিছুটা বিপাকে পড়ে দল। তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয় সামলে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন।

আজকে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন তামিম। একাই ধরেছেন ৫টি ক্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটিই সর্বোচ্চ। ফিল্ডিংয়ে এমন রেকর্ড গড়ার পর ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তামিম। ৩৬ বলে অপরাজিত ৫৫ রান করেন তিনি। আর ইমন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থেকেছেন।

এর আগে বোলিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডকে প্রথম ওভারে ১৩ রান দেন মেহেদী হাসান। চতুর্থ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের শিকার হওয়ার আগে টিম টেক্টর (১৭) দুই চার ও এক ছয়ে ১৪ রান তোলেন।

পঞ্চম ওভারের শেষ বলে হ্যারি টেক্টর সিঙ্গেল নিলে আয়ারল্যান্ড পঞ্চাশে পৌঁছায়। ওই ওভারে ১২ রান তোলে সফরকারীরা। বল হাতে নিয়ে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ডেলিভারিতে উইকেট পান।

পাওয়ার প্লের শেষ ওভারে হ্যারি (৫) অদ্ভুত দৃশ্যের অবতারণা করে আউট হন। হ্যারি সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান। বল ব্যাটে লেগে তা স্টাম্পের দিকে ছোটে। আইরিশ ব্যাটার বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি। বল স্টাম্পে আঘাত করে। মুস্তাফিজ ওই ওভারে মাত্র এক রান দেন। তাতে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ড করেছে ২ উইকেটে ৫১ রান।

ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। পল স্টার্লিং এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।

লরকান টাকার-কুর্তিস ক্যাম্পাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষদিকে জজ ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দুজনই থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ডেলানি করেছেন ১০ রান, আর ডকরেলের ব্যাট থেকে এসেছে ১৯ রান।




নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
ছবি সংগৃহীত।

 আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। মূলত ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি সেখানে খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পর্যালোচনার জন্য সময় দিলেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকে বাংলাদেশ।

আইসিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি নেই। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বাংলাদেশের প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এর ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়।

নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড গ্রুপ পর্বে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।




বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
ছবি সংগৃহীত।

ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। ২১ তারিখ চূড়ান্ত জানা যাবে এ ব্যাপারে। এর মাঝেই খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই খবরটি জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে।

এছাড়া, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে সেটির বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।

পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।




ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব
ছবি সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দল ভারতে পাঠাবে না। পরিবর্তে লজিস্টিক জটিলতা কমিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিকেল থেকে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ চার পরিচালক উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষে ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে এবং ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা দুবাই থেকে অনলাইনে যুক্ত হন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিসিবি কেন ভারতে খেলতে যেতে ইচ্ছুক নয়, তার পেছনে সরকারের উদ্বেগ এবং নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আইসিসির প্রতিনিধি দল বিসিবির এই অবস্থান গুরুত্বের সঙ্গে শুনেছে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বলে আশ্বস্ত করেছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাকে 'গঠনমূলক ও পেশাদার' হিসেবে উল্লেখ করে বলা হয়, লজিস্টিক ও আয়োজন-সংক্রান্ত জটিলতা এড়াতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে মূল লক্ষ্য হিসেবে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে ভার্চুয়াল বৈঠকেও বিসিবি একই অবস্থান জানিয়েছিল। আজকের সভায় বিসিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলাপ-আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।