বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
ছবি সংগৃহীত।

ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। ২১ তারিখ চূড়ান্ত জানা যাবে এ ব্যাপারে। এর মাঝেই খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই খবরটি জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে।

এছাড়া, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে সেটির বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।

পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।




নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
ছবি সংগৃহীত।

 আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। মূলত ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি সেখানে খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পর্যালোচনার জন্য সময় দিলেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকে বাংলাদেশ।

আইসিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি নেই। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বাংলাদেশের প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এর ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়।

নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড গ্রুপ পর্বে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।




ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব
ছবি সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দল ভারতে পাঠাবে না। পরিবর্তে লজিস্টিক জটিলতা কমিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিকেল থেকে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ চার পরিচালক উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষে ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে এবং ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা দুবাই থেকে অনলাইনে যুক্ত হন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিসিবি কেন ভারতে খেলতে যেতে ইচ্ছুক নয়, তার পেছনে সরকারের উদ্বেগ এবং নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আইসিসির প্রতিনিধি দল বিসিবির এই অবস্থান গুরুত্বের সঙ্গে শুনেছে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বলে আশ্বস্ত করেছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাকে 'গঠনমূলক ও পেশাদার' হিসেবে উল্লেখ করে বলা হয়, লজিস্টিক ও আয়োজন-সংক্রান্ত জটিলতা এড়াতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে মূল লক্ষ্য হিসেবে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে ভার্চুয়াল বৈঠকেও বিসিবি একই অবস্থান জানিয়েছিল। আজকের সভায় বিসিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলাপ-আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।




টাইব্রেকারে ধংখালীকে হারিয়ে টেকনাফে জহুর আলম স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ইতালিয়া এফসি

টাইব্রেকারে ধংখালীকে হারিয়ে টেকনাফে জহুর আলম স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ইতালিয়া এফসি
ছবি সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে উৎসবমুখর পরিবেশে ‘মরহুম জহুর আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর পর্দা নেমেছে। আজ শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে নয়াপাড়া মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ধংখালী শালবাগানকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইতালিয়া এফসি মংডু।

নির্ধারিত ১ ঘণ্টার খেলায় উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ১-১ গোলে সমতায় ছিল। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ জয় করে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইতালিয়া এফসি।

খেলা শেষে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করবে। খেলাধুলা সমাজের সম্প্রীতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।"

টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ‘টুর্নামেন্ট সেরা’ নির্বাচিত হন ইতালিয়া এফসির মোহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ লাভ করেন মো. শাকের এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন মো. আনিস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশন চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, টেকনাফ ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ছৈয়দ আলম, আবদু শুকুর ও খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফ মুন্না।