বিপিএল শুরুর আগের দিন মালিকানাহীন চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিলো বিসিবি
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিপিএল শুরুর আগের দিন মালিকানাহীন চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিলো বিসিবি

বিপিএল শুরুর আগের দিন মালিকানাহীন চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিলো বিসিবি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে চরম সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। আর্থিক সংকটের কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে দলটির সব দায়িত্ব ও মালিকানা সরাসরি বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবি বরাবর মালিকপক্ষের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা চট্টগ্রাম দলের কোচিং স্টাফ ও জ্যেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বিসিবির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ব্যাংক গ্যারান্টির অর্থ পরিশোধ না করা এবং ক্রিকেটারদের পাওনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মালিক কাইয়ুম রশিদ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সক্ষমতা হারান। এর আগে দলটির তিন বিদেশি ক্রিকেটার—আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা পাওনা বুঝে না পাওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, এখন থেকে দলের সরঞ্জাম ব্যবস্থাপনা এবং বিদেশি ক্রিকেটার ভেড়ানোর প্রক্রিয়া সরাসরি বিসিবি দেখভাল করবে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও তা না করায় খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। বিসিবি দায়িত্ব নেওয়ায় ক্রিকেটার ও কোচিং স্টাফের মধ্যে স্বস্তি ফিরেছে।

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দলের প্রধান কোচ জাস্টিন মাইলসের উপস্থিতি এবং সরঞ্জাম না পাওয়ার অনিশ্চয়তা কাটানোই এখন বিসিবির বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল এই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি।
 




নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
ছবি সংগৃহীত।

 আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। মূলত ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি সেখানে খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পর্যালোচনার জন্য সময় দিলেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকে বাংলাদেশ।

আইসিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি নেই। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বাংলাদেশের প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এর ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়।

নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড গ্রুপ পর্বে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।




বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
ছবি সংগৃহীত।

ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। ২১ তারিখ চূড়ান্ত জানা যাবে এ ব্যাপারে। এর মাঝেই খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই খবরটি জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে।

এছাড়া, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে সেটির বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।

পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।




ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি: ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব
ছবি সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দল ভারতে পাঠাবে না। পরিবর্তে লজিস্টিক জটিলতা কমিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিকেল থেকে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ চার পরিচালক উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষে ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে এবং ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা দুবাই থেকে অনলাইনে যুক্ত হন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিসিবি কেন ভারতে খেলতে যেতে ইচ্ছুক নয়, তার পেছনে সরকারের উদ্বেগ এবং নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আইসিসির প্রতিনিধি দল বিসিবির এই অবস্থান গুরুত্বের সঙ্গে শুনেছে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বলে আশ্বস্ত করেছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাকে 'গঠনমূলক ও পেশাদার' হিসেবে উল্লেখ করে বলা হয়, লজিস্টিক ও আয়োজন-সংক্রান্ত জটিলতা এড়াতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে মূল লক্ষ্য হিসেবে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে ভার্চুয়াল বৈঠকেও বিসিবি একই অবস্থান জানিয়েছিল। আজকের সভায় বিসিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলাপ-আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।