বিদেশি শিক্ষার্থীর সীমা ৩০ শতাংশ নির্ধারণ করে ইতালিতে আইন পাস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বোরকা-নিকাব নিষিদ্ধ

বিদেশি শিক্ষার্থীর সীমা ৩০ শতাংশ নির্ধারণ করে ইতালিতে আইন পাস

বিদেশি শিক্ষার্থীর সীমা ৩০ শতাংশ নির্ধারণ করে ইতালিতে আইন পাস
ছবি সংগৃহীত।

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে চূড়ান্ত আইন পাস করেছে ইতালি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিতর্কিত এই শিক্ষা সংস্কার বিল অনুমোদিত হয়।

বিলের পক্ষে ১৪২ এবং বিপক্ষে ভোট পড়ে ১১২টি। ভোটদান থেকে বিরত ছিলেন চারজন সংসদ সদস্য। এর আগে, গত ২০ নভেম্বর দেশটির সিনেটে বিলটি অনুমোদন করা হয়েছিল।

ইতালিতে নতুন এই আইনের ফলে মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না। পাশাপাশি, প্রথম বর্ষের ক্লাসে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর হার ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

তবে যেসব বিদেশি শিক্ষার্থী এরই মধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। এছাড়া, বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর কথাও আইনে বলা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ডিজিটাল রূপান্তরের নিয়মাবলিও এতে যুক্ত রয়েছে।

এদিন পার্লামেন্টে চূড়ান্ত ভোটের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। তারা অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাতে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়’।

বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার শিক্ষা খাতের মূল সমস্যা সমাধান না করে বৈষম্যমূলক আইন করছে। ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে কতজন বিদেশি শিশু রয়েছে, সেটি সমস্যা নয়। বরং সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও উপকরণ দেওয়াটাই মূল বিষয়।

তিনি আরও বলেন, স্কুল ভবনের নিরাপত্তা বা শিক্ষকদের কম বেতনের মতো জরুরি সমস্যা সমাধানে এই আইনে কিছুই নেই। এটি কেবল বৈষম্য ও বর্ণবাদকে উসকে দেবে।

ডেমোক্রেটিক পার্টির শিক্ষা বিষয়ক প্রধান ইরেনে মানজি এই আইনের নিন্দা জানিয়ে বলেন, ৩০ শতাংশের সীমা ছাড়িয়ে গেলে শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হবে। তাদের জীবন ও পরিবেশের কথা না ভেবে পার্সেলের মতো স্থানান্তর করা হবে। এটি একটি দূরদর্শিতাহীন আইন।

বিরোধীদের সমালোচনার মুখেও আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন জোট। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, আজকের এই ভোট সরকারের সংস্কারমূলক কাজের প্রতি জোটের ঐক্যের একটি বড় প্রমাণ।

সূত্র: ইউরো নিউজ




অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন

অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন
ছবি সংগৃহীত।

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যোগ দিতে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্য দিয়ে চুক্তিতে তুরস্কের অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।

চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করে। ফলে এরদোয়ানের স্বাক্ষর ছিল মূলত আনুষ্ঠানিকতা।

চুক্তির ফলে সৌদি আরবকে সামরিক সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হলো তুরস্কের। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে রয়েছে সৌদি আরব।

চুক্তি অনুযায়ী, জোটের কোনো একটি দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে সৌদি আরব বা ইয়েমেনে যুদ্ধে অংশ নিতে তুরস্কের সেনা পাঠানোর পরিকল্পনা আপাতত নেই। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দেশটির পার্লামেন্টের নতুন করে অনুমোদন প্রয়োজন হবে। তবে সেনা না পাঠিয়েও সৌদি আরবকে অন্যান্য ধরনের সামরিক সহায়তা বাড়াতে পারবে আঙ্কারা।

সূত্র: আল-জাজিরা




বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহীত।

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার তথ্য জানিয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়।

নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।

• যেসব দেশ শুল্কের আওতায়
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল।

তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি।

• বাংলাদেশের জন্য হার ও শর্ত কী
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য বলছে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে।

তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।

• আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কি?
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, নতুন প্রস্তাবিত এই শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর যে ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল; তার ওপর নতুন এই শুল্ক বসবে না।

এক্ষেত্রে দুটি শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে। এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর গত ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক মিলিয়ে বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।

• কী বলছে যুক্তরাষ্ট্র?
ওয়াশিংটন বলেছে, শুল্কের আওতায় আসা দেশগুলো শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ (চীন) থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাজার চাহিদার বাস্তবতা উপেক্ষা করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এটি মার্কিন বাণিজ্য ও শিল্পের জন্য ক্ষতিকর। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে প্রবেশের পথ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন কর্মকর্তারা বলেছে, প্রস্তাবিত এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: রয়টার্স, বিবিসি, ইউএসটিআর।




বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প
ছবি সংগৃহীত।

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। আর এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।

মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদন করে বাজারে পণ্য সয়লাব করে দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও উৎপাদনের জন্য হুমকি।

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। এরপরই শুল্ক পুনরায় চালু করতে ‘সেকশন ৩০১’- নামে একটি ধারার প্রেক্ষিতে শুল্ক আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, যেসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, আজকে ট্রাম্পের এ ঘোষণার কারণে বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। যার প্রভাব পড়বে সব জায়গায়।

ট্রাম্প প্রথমবার যখন শুল্ক আরোপ করেন তখন জানান বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে রেখেছে। যার প্রেক্ষিতে তিনি পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সকে একটি সূত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্ক দেওয়া হবে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছরের মে মাসে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নামে ওই চুক্তি করেছিল। এরপর বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। যা আগেরবার ২০ শতাংশ ছিল।

যেসব দেশের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে—

চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: রয়টার্স, বিবিসি