বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় দুদিন যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আনোয়ারার মহতরপাড়া এলাকায় সড়ক আটকে বালু ভরাটের পাইপলাইন বসানো ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ করায় গত দুদিন যান চলাচল বন্ধ রেখে দুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেছে।
গত সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বড়উঠান রাস্তার মাথা এলাকা থেকে কৈনপুরা ও মহতরপাড়া সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও একাধিক অটোরিকশা চালক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়উঠান রাস্তার মাথা এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দখল করা জমিতে বালু ভরাটের কাজ করছেন। ওই জমি ভরাট করতে কালারপুল খালের মহতরপাড়া অংশে ড্রেজার বসিয়ে প্রায় এক কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে বালু ফেলা হচ্ছে। সাধারণ মানুষের বাড়িঘর ও সড়কের ওপর দিয়ে যাওয়া বালুর পাইপলাইনের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
এসব ঘটনায় গত রোববার বিকেলে ভুক্তভোগী স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে সোমবার বিকেলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার যান চলাচল বন্ধ করে দেন। ফলে বিপাকে পড়েন ওই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ।
একাধিক অটোরিকশা চালক ও যাত্রী অভিযোগ করে বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের ওপর দিয়ে পাইপলাইন নেওয়ার কারণে সড়কটি দিয়ে বেশ কিছুদিন ধরে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকেরা উপজেলা প্রশাসনে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার জেরে বড়উঠান এলাকার বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। অনেক যাত্রীকে মাঝপথে নামিয়ে দিতে হয়েছে। গত দুদিন মানুষ পায়ে হেঁটে বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা ও মহতরপাড়ায় যাতায়াত করতে বাধ্য হয়েছেন।
তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু কালাম আজাদ।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে যান চলাচল বন্ধের বিষয়টি কেউ আমাদের জানায়নি।’











