বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ
ছবি সংগৃহীত।

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।

ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলে আশা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১৪ শ মানুষ নিহত হন।

পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে।

রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত বন্দিবিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’

এরইমধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমেছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে দলটি চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে, যার শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ডজনখানেক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ।  এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এই সহিংসতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরও বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস করবে না। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’

রোহিঙ্গা রায়

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো হত্যা ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ঢাকা।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়ের সমালোচনা করে মিয়ানমার বলেছে, কেবল ‘পরিস্থিতি অনুকূলে এলেই’ রোহিঙ্গারা ফিরতে পারবে।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘এখন এই রায় আমাদের অর্থাৎ বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে।’ তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ‘মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে’ নিজ দেশে ফেরার অধিকার রয়েছে।

দফায় দফায় প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আরও জোরালো আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’




গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের
ছবি সংগৃহীত।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু এ মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বিবৃতিতে তিনি সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

বিবৃতিতে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক নন, কখনো ছিলেনও না।

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে উল্লেখ করে ইউনূস বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারীরাই ব্যাংকটির মালিক। ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পেট্রলবোমা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে এসব ঘটনা পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ইউনূস আরও বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ব্যাংকটির সেবা যাতে নির্বিঘ্নে অব্যাহত থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউনূস।

তিনি বলেন, হামলার ঘটনাগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।




প্রধানমন্ত্রী

উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই

উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই।

তিনি বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়ার মূল রূপকল্প হবে বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করা।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার এরইমধ্যে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে।

এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর দরকার।

এ সময় তিনি দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন।

ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন এরইমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ বা ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন বা প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্য ভেন্যুতে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে তিনি অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

সম্প্রতি তুরস্কে ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে জুটসহ বিভিন্ন পণ্যের বিদেশি ক্রেতা আকর্ষণের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, বিদেশি ক্রেতাদের তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।

সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণ দেওয়া হবে।

‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে বাজার সম্প্রসারণ, জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে। ব্যবসা শুরু ও পরিচালনায় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।




সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত।

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।