বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ কর্মী নেওয়ার খবর, টোকিও বলছে ভিন্ন কথা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ কর্মী নেওয়ার খবর, টোকিও বলছে ভিন্ন কথা

বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ কর্মী নেওয়ার খবর, টোকিও বলছে ভিন্ন কথা
ছবি সংগৃহীত।

বাংলাদেশ থেকে জাপান সরকার বছরে ১ লাখ কর্মী নেবে বলে দেশের কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক এক্স পোস্টে জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার বিষয়ে রাজি হয়েছে জাপান সরকার। তবে এ দাবির কোনও সত্যতা নেই। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনাতেও এ ধরনের কোনও বিষয় ছিল না।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।




একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম
ছবি সংগৃহীত।

শান্তি আলোচনা নিয়ে আশার মধ্যে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এশিয়ার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।

বুধবারের মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার তেলের দামে এই পতন দেখা গেল। তবে ইয়েমেনসহ বিভিন্ন স্থানে সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে।

শান্তি আলোচনা নিয়ে আশাবাদ তৈরি হলেও সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগের কারণে তেলের বাজারে অনিশ্চয়তা বজায় রয়েছে।

সূত্র: আল জাজিরা




স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত
ছবি সংগৃহীত।

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের ট্রেন অপরারেটর এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বিস্তারিত কোনো কিছু জানায়নি।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অত্যন্ত দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেছেন, এ দুর্ঘটনায় তিনি ‘অবাক’ হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর তথ্য দেওয়া হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। দুর্ঘটনাটি হয় মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াতে যাচ্ছিল।

জেসুস জেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী বলেছেন, ভয়াবহ দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেছেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট




ফের ৪ হাজার ডলার ছাড়ালো সোনার দাম

ফের ৪ হাজার ডলার ছাড়ালো সোনার দাম
ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠকের আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও প্রতি আউন্সে ৪ হাজার ডলার ছাড়িয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এতে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

সোমবার স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। এর আগে শুক্রবার দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্যও ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলার ৪০ সেন্ট হয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, কিছু বিনিয়োগকারী প্রতি আউন্সে ৪ হাজার ডলারের দামকে সোনা কেনার সুযোগ হিসেবে দেখছেন। অতীতেও এই দামের কাছাকাছি পর্যায়ে ভালো চাহিদা দেখা গেছে। ফলে সামনে সোনা কেনার প্রবণতা কিছুটা বাড়তে পারে।

তিনি আরও বলেন, তেলের দাম কমায় সোনার বাজার কিছুটা সমর্থন পাচ্ছে। তবে আগামী ডিসেম্বরে এবং পরের বছর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কা সোনার দামের ঊর্ধ্বগতিকে সীমিত করছে। চলতি সপ্তাহের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখলেও ভবিষ্যতে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বুধবার ফেড সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা ৯ শতাংশ। অন্যদিকে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা তারা ৮০ শতাংশ ধরে নিচ্ছেন।

সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এতে সোনার চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, গোল্ড প্রাইস.কম