আগুন দেওয়ার পর ক্ষতিগ্রস্ত আমিনুর রহমান চৌধুরীর বাড়ির সামনের দরজার অংশ।
বাঁশখালীতে বিএনপি নেতা আমিন চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর গ্রামের বাড়িতে ককটেল নিক্ষেপ ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার কালীপুর গ্রামে তাঁর বাড়ির সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান আমিনুর রহমান ও তাঁর পরিবার। খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ভোররাত ৪টার দিকে ৩-৪ জন সন্ত্রাসী তাঁর বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে আতঙ্কে পালিয়ে যান। তিনি বলেন, “বাড়িতে কেউ ছিল না। ভেতরে কাঠের দরজায় আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা পৌঁছে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আগুনে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।











