পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন

পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন
ছবি সংগৃহীত।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন পেয়েছেন সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদে সমর্থিত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে এনসিপির নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। দলীয় সমর্থন পাওয়ায় আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী অবস্থান স্পষ্ট হবে।




কন্যা সন্তানের গলায় ছুরি ধরে ১২ ঘণ্টা জিম্মি করে রাখে মানসিক ভারসাম্যহীন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কন্যা সন্তানের গলায় ছুরি ধরে ১২ ঘণ্টা জিম্মি করে রাখে মানসিক ভারসাম্যহীন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস
বাবা-মেয়েকে উদ্ধারের পর আনোয়ারা ফায়ার সার্ভিসের সদস্যরা

আনোয়ারায় পরিবারের সদস্যদের বের করে দিয়ে বসতঘরের দরজা বন্ধ করে ছয় বছরের কন্যা সন্তানের গলায় ছুরি ধরে দিনভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেন মানসিক ভারসাম্যহীন এক বাবা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে ঘরের টিন কেটে তাঁদের উদ্ধার করেন।

সোমবার (১৬ নভেম্বর) আনোয়ারা সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮) এবং তাঁর মেয়ের নাম সাকিবা আক্তার। নাছিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দুই সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে প্রায় ১০ বছর ধরে আনোয়ারার ওই কলোনিতে ভাড়া বাসায় থাকছেন নাছির। পেশায় তিনি সিএনজিচালক এবং তাঁর স্ত্রী পোশাকশ্রমিক। ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। গত চার মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।

সোমবার সকাল নয়টার দিকে ঘরের দরজায় ছিটকানি লাগিয়ে ভেতরে আটকা পড়েন নাছির। এ সময় তাঁর সঙ্গে মেয়ে সাকিবাও ছিল। দিনভর পরিবারের সদস্যরা তাঁদের বের করার চেষ্টা করেন। তবে দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে তাঁদের ভয় দেখাতে থাকেন নাছির। একপর্যায়ে তাঁর সঙ্গে আটকে থাকা মেয়ের গলায় ছুরি ধরেন তিনি। পরে পরিবারের সদস্যরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে পাশের একটি বসতঘরের টিন খুলে নাছিরের কক্ষে প্রবেশ করে রাতে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করে। পরে পুলিশ নাছিরকে থানায় নিয়ে গেলেও পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, ‘২০২৩ সাল থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছে।’

এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, ঘরের পাশের একটি বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কক্ষে আটকে পড়া বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।




চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন
বার্ষিক সভায় সম্মাননা নিচ্ছেন হালিশহর দরবার শরিফের পীর সাহেব আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক (মাযহু জিল্লুহুল আলিয়া)।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা রবিবার (১৫ নভেম্বর) রাতে সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর দরবার শরিফের পীর সাহেব ও আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক (মাযহু জিল্লুহুল আলিয়া)। প্রধান মেহমান ছিলেন শাহজাদা হজরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ সিরাজুল মোস্তফা। এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন শনিবারের সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।

মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মুহাম্মদ নিজাম উদ্দীন ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফ উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওসমান গনি।

আমন্ত্রিত ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন বিএএফ শাহীন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোরশেদুল আলম আনোয়ারী, মাওলানা জাবের আহমদ মুনিরী, মাওলানা কাজী মোহাম্মদ জাফর প্রমুখ।

সভায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোলাইমান, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মোহাম্মদ আবু সৈয়দ, বখতিয়ার সোসাইটির ইলিয়াস সোবহান প্রমুখ।




পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১
ছবি সংগৃহীত।

পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারেজ (২০) নামের প্রবাসফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রামিম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফারেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবীপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত রামিম একই ইউনিয়নের নয়ারপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-ব ১১-০১৯৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফারেজ ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রামিম গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের এক আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেলচালকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাস থেকে দেশে ফেরার কিছুদিন পরই সড়ক দুর্ঘটনায় ফারেজের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।