বন্যার্তদের পাশে ছওয়াব: চকরিয়ায় ৬০৫ ও বাঁশখালীতে ২০০ পরিবার পেল জরুরি খাদ্যসহায়তা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বন্যার্তদের পাশে ছওয়াব: চকরিয়ায় ৬০৫ ও বাঁশখালীতে ২০০ পরিবার পেল জরুরি খাদ্যসহায়তা

বন্যার্তদের পাশে ছওয়াব: চকরিয়ায় ৬০৫ ও বাঁশখালীতে ২০০ পরিবার পেল জরুরি খাদ্যসহায়তা
ছবি সংগৃহীত।

বন্যা ও পানিবন্দী মানুষের দুর্ভোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ)। দেশি ও বিদেশি দাতা সংস্থার অর্থায়নে কক্সবাজারের চকরিয়া ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, হাইজিন কিট, পোশাক, জুতা, ব্যাগ ও শিশুদের খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।

গত ২৪ জুলাই ২০২৬ তারিখে বন্যা শেষ হওয়ার পরপরই চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গত ও পানিবন্দী ৬০৫টি পরিবারের মাঝে ৬০৫টি জরুরি ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকে প্রায় ২২ কেজি খাদ্যসামগ্রী ছিল। এর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৪ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট বিস্কুট ও ১ কেজি মুড়ি।

ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার।

এ ছাড়া ছওয়াবের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্লা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মাহমুদ ভূঁইয়া, কক্সবাজার সহকারী জেলা সমন্বয়ক আতাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জরুরি খাদ্যসহায়তার পাশাপাশি চকরিয়া উপজেলার কৈয়ারবিল, ফাঁসিয়াখালী, হারবাংসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৪ হাজার পরিবারের মাঝে দুই কনটেইনার ইনকাইন্ড গিফট হিসেবে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের পোশাক, জুতা, ব্যাগ, হাইজিন কিট এবং শিশুদের খেলনা।

অন্যদিকে, বাঁশখালী উপজেলার আচ্ছাফিয়াপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ছওয়াব দলের উপস্থিতিতে এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ২০০টি ফুড প্যাক ও ১০০টি হাইজিন কিট বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ছওয়াবের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, বন্যার কারণে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এমন কঠিন সময়ে ছওয়াবের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।

উপকারভোগীরা আরও বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ছওয়াব যেন আরও বৃহৎ পরিসরে বন্যা ও অন্যান্য দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাঁরা এমন প্রত্যাশা জানান।

স্থানীয় ব্যক্তিরাও ছওয়াবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে সরকারি-বেসরকারি ও স্থানীয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুততম সময়ে দুর্গত মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছওয়াবের উদ্যোগ প্রশংসনীয়।

ছওয়াবের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি সময়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া ছওয়াবের অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।




চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ২; উপজেলা ছাত্রদলের শোক

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ২; উপজেলা ছাত্রদলের শোক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের শাহপুরা এলাকায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের মরহুম নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান উদ্দিনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্পার তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত দুজন হলেন—চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়ার ছেলে মিসকাত এবং দক্ষিণ বুড়িপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে তামিম। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা মোহাম্মদ মিজান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধ ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধ ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত।

অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন এবং তা পরিবহনের কারণে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকার সড়কগুলোর বেহাল দশা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়োবৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এমনকি কোনো নারী অন্তঃসত্ত্বা হলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে বহন করতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এদিকে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এতে ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা।

সড়ক দ্রুত সংস্কার, অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ এবং বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকায় আয়োজিত মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে বালু পরিবহন বন্ধ করে সড়ক সংস্কারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। এসব বালু-মাটি ভারী যানবাহনে করে পরিবহনের কারণে এলাকার সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তারা অবৈধ বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন বলেন, "আমার আওতাধীন কোনো জায়গাতে বালু উত্তোলন হচ্ছে না।"

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, "এসব বালু-মাটি লুটের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।"




মাতারবাড়ি আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে তারেক রহমান

মাতারবাড়ি আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে তারেক রহমান
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন।

রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে তাঁকে অবহিত করেন। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী জানতে পারেন, বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করে তিনি দেশীয় প্রকৌশলী ও কর্মীদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করেন এবং তাঁদের উৎসাহিত করেন। এ সময় প্রকল্প এলাকায় একটি নিমের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

দুটি ৬০০ মেগাওয়াট ইউনিট নিয়ে গঠিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এতে আধুনিক টষঃৎধ-ঝঁঢ়বৎপৎরঃরপধষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কয়লা পরিবহনের বন্দর সুবিধা, বিদ্যুৎ সঞ্চালন লাইন, অ্যাকসেস রোডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। প্রকল্প বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (ঔওঈঅ) ঋণ সহায়তা দিয়েছে।

ব্রিফিং শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন শুরু করেন। দুপুর ১২টা ২৯ মিনিটে তিনি প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্য উৎপাদন সক্ষমতা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এ সময় প্রস্তাবিত এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোকেমিক্যাল প্রকল্প ও নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও প্রধানমন্ত্রীকে দেখানো হয়। পরে তিনি এলপিজি, এলএনজি ও কয়লা টার্মিনাল-সংশ্লিষ্ট অবকাঠামো এবং প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী পরিদর্শনকালে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সমন্বিত জ্বালানি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন ও বৃহৎ অবকাঠামো পরিচালনায় অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশগত প্রভাব এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মাতারবাড়িকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট শিল্প অবকাঠামোর সমন্বিত উন্নয়নের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পরিকল্পিত ও কার্যকর ব্যবহারের মাধ্যমে এসব অবকাঠামো দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কোল জেটি থেকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রস্তাবিত অস্থায়ী এলপিজি জেটি এবং ভবিষ্যতে ৩ ও ৪ নম্বর কোল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করেন।

দুপুর ১২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষ করেন। পরে দুপুর ১টা ৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ি ত্যাগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও বিশেষ রাজনৈতিক সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।