বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভা শুরু

চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সভার উদ্বোধন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। আরবি প্রভাষক মুহাম্মদ নিজাম উদ্দিন ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফ উদ্দীনের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোলাইমান, আলহাজ মোহাম্মদ ইউনুস, লুৎফর এনাম চৌধুরী টিটু, নুর মোহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবু সৈয়দ ও মোহাম্মদ আবু সৈয়দ সওদাগর। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ আক্তার নবী, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, জমির উদ্দিন সওদাগর এবং বখতিয়ার সোসাইটির ইলিয়াস সোবহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আগামীতে মাদ্রাসাশিক্ষা আধুনিক মানের শিক্ষাব্যবস্থায় রূপ নেবে। বিগত সময়ে ফ্যাসিস্টরা শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নেতা তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন।
এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ ও স্কাউট সদস্যদের গার্ড অব অনারের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।











