আনোয়ারায় হেমন্ত উৎসবে মেতে উঠল প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা

কুয়াশার সকালে মিষ্টি রোদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামীণ জনপদে চারদিকে পাকা ধানের সুবাস, কৃষকের মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার আনন্দ আর ঘরে ঘরে পিঠাপুলির উৎসব—গ্রামবাংলার এই চিরচেনা দৃশ্য এখন তেমন একটা চোখে না পড়লেও চট্টগ্রামের আনোয়ারায হেমন্তের ঐতিহ্য ধারণ করে নাচে-গানে ঋতুটিকে ফুটিয়ে তুলেছেন বরুমচড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ছিল গ্রামের নানা ধরনের পিঠার সমাহার, শিশুদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মীর মোহাম্মদ আতিকের সভাপতিত্বে ও এলমুল বাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাফর-আয়শা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ উদ্দিন সিকদার। স্বাগত বক্তব্য দেন জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. নূরখান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর, গিয়াস উদ্দিন মুন্না, রিয়াজ উদ্দিন জিসান, বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ, রোকসানা মমতাজ, মুকুল বড়ুয়া, নাসরিন সুলতানা ও শাহনাজ প্রমুখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে হেমন্তের আগমনী বার্তা সবার মাঝে পৌঁছে দেন।











