পটিয়ায় জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পটিয়ায় জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি

পটিয়ায় জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি
ছবি সংগৃহীত।

‘মৎস্য চাষে সমৃদ্ধি, মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা’—এই লক্ষ্যকে সামনে রেখে পটিয়ায় ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

পটিয়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ এবং শ্রেষ্ঠ পোনাচাষিদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম ও পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। এছাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, পোনাচাষি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের পরিধি বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পোনামাছ অবমুক্তকরণ। অতিথিরা নির্ধারিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে পোনা অবমুক্তকরণ ও জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব।

পটিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুরের সঠিক ব্যবস্থাপনা, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত জাতের পোনা ব্যবহার এবং মৎস্য রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের মৎস্য চাষে উৎসাহিত করতে সরকারি সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের বিষয়েও আলোকপাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পটিয়ায় মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

তিনি মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় সংরক্ষণ, পানিদূষণ রোধ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ। এ সম্পদ রক্ষায় জলাশয় দখল ও দূষণ রোধ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রজনন মৌসুমে সরকারি নির্দেশনা মেনে চলা জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য পটিয়ার সফল ও শ্রেষ্ঠ পোনাচাষিদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা নির্বাচিত চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উপলক্ষে পটিয়ার এই আয়োজন মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পটিয়াকে দেশের একটি সমৃদ্ধ মৎস্য উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।




বাঁশখালীতে আওয়ামী লীগের মিছিলের জের, শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা

বাঁশখালীতে আওয়ামী লীগের মিছিলের জের, শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের মশাল মিছিলের জের ধরে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে উপজেলা যুবলীগের সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা বোরহান, আমির মিঞা, সোহেলসহ ৪৯ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি দেখিয়ে শনিবার রাতে মামলাটি করেন বাঁশখালী থানার এসআই আবুল খায়ের। ঘটনার পর ছাত্রলীগ নেতা হামিদ হোসাইন, আবদুল আউয়াল টিপুসহ তিনজনকে আটক করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ১৫ আগস্টকে সামনে রেখে বাঁশখালীর কাথারিয়া হালিয়াপাড়া এলাকায় শতাধিক নেতাকর্মী মশাল মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, হালিয়াপাড়ার ওই স্থান থেকে পুলিশ ইটপাটকেল, লাঠিসোঁটা, মশালসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে মামলা করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আলামত উদ্ধার করেছে। পরবর্তীতে ভিডিও ও ছবি দেখে মিছিলকারীদের শনাক্ত করা হয়েছে।




পটিয়ায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ

পটিয়ায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত।

পবিত্র ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটিয়ায় আমির ভান্ডার বশরীয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক সাঙ্গুর পটিয়া প্রতিনিধি ও মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আলম সওদাগরের ছেলে রবিউল হোসেন, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, নবুয়ত, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সমাজ সংস্কার, দয়া, ক্ষমা ও তাঁর মহান জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যায়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ও উদ্বোধক মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ থেকে আমাদের শিশু-কিশোরদের শিক্ষা নিতে হবে। শুধু ধর্মীয় জ্ঞান অর্জন নয়, মহানবীর শিক্ষা অনুসরণ করে সত্যবাদিতা, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তাদের শিক্ষাজীবন সুন্দর করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ধর্মীয় আলোচনা, কুইজ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বিত আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে।

শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




বিশ্ব হিন্দু ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠিত

বিশ্ব হিন্দু ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠিত
সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক লায়ন সুমন চক্রবর্তী

বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আইনজীবী প্রদীপ চৌধুরীকে সভাপতি ও লায়ন সুমন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। বিশ্ব হিন্দু ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঘুপতি সেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তাপস হোড়, ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী রাজীব চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি কল্লোল হাজরা, সহসভাপতি গণেশ সাহা, সাধারণ সম্পাদক রঘুপতি সেন, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ মণ্ডল, ত্রাণবিষয়ক সম্পাদক নির্মল সাহা, সহ-নারীবিষয়ক সম্পাদক জুবলী ভট্টাচার্য এবং কার্যনির্বাহী সদস্য ইতিমা মণ্ডল প্রমুখ।

বিশ্ব হিন্দু ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঘুপতি সেন বলেন, “নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জেলার বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করবে। একই সঙ্গে সবার মতামতের ভিত্তিতে দ্রুতই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।”