নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, আধুনিক ও টেকসই চাষপদ্ধতির প্রসার এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের অভ্যন্তরীণ জলাশয়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাছ চাষের প্রদর্শনী ও সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা পরিষদের পুকুর ও নাইক্ষ্যংছড়ি পর্যটন স্পটের লেকে আনুষ্ঠানিকভাবে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ওসির প্রতিনিধি এসআই ইমতিয়াজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী, মৎস্যচাষি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।










